
স্টাফ রিপোর্টার, বগুড়া:
বগুড়ার সোনাতলা পৌরসভায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ড্রেন বন্ধ ও প্রতিবেশীর সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোনাতলা পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা শ্রী বিকাশ স্বর্ণকার তার অভিযোগে উল্লেখ করেন যে,তারই পার্শ্ববর্তী বাসিন্দা মোঃ বুলু মিয়া গত প্রায় চার মাস ধরে নিজ জমিতে দুই তলা বিশিষ্ট বাড়ি নির্মাণ কাজ করছেন। নির্মাণ কাজের সময়, বিশেষ করে ছাদ ঢালাইয়ের সময়, তার টিনের চালার ওপর প্রচুর পরিমাণে সিমেন্ট পড়ে জমাট বেঁধে যায়। এতে তার দুইটি ঘরের টিনের চাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।এছাড়াও নির্মাণ সামগ্রী—ইট,বালি,খোয়া ও ঢালাইয়ের মসলা আশপাশে ও চলমান ড্রেনে পড়ে ড্রেনটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে পানি জমে পচন ধরে তীব্র দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে এবং মশার উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে জনস্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে।অভিযোগে আরও বলা হয়,বিষয়টি নিয়ে একাধিকবার অভিযুক্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।এদিকে ড্রেন বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে,ফলে স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উল্লেখ্য,এই সড়ক দিয়ে পোস্ট অফিস সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে লোকজনের যাতায়াত হয়,যা বর্তমানে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ,ক্ষতিপূরণ আদায় এবং ড্রেন পরিষ্কারের দাবি জানিয়েছেন অভিযোগকারী। এছাড়াও অন্যান্য প্রতিবেশীরা সাংবাদিক কে বাড়ি নির্মাণ কালীন সময়ে নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন বলে জানিয়েছেন তারা। এদিকে অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পৌরসভার সার্ভেয়ার মোঃ জসিম উদ্দিন। অভিযোগ এর নিশ্চিত করে পৌরসভার পৌর প্রসাশক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বলেন,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
