নীলফামারীতে সাবেক ছাত্রলীগ নেতার স্ত্রীর ঝুলন্ত লাশ, ‘শরীরে আঘাত’

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহাগের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে শহরের গোলাহাট রেলওয়ে কলোনি এলাকার বাসা থেকে শামীমা আক্তারের (২৩) মরদেহ উদ্ধার করা হয় বলে সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম জানান।

সোহাগ ও শামীম দম্পতির দুই সন্তান রয়েছে। শেখ সোহাগ ৫ অগাস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা রয়েছে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, দুপুরের দিকে ছোট ননদ মনি আক্তার শামীমাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করেন। লোকজন তাকে সৈয়দপুর ১০০ শষ্যা হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, “নিহতের শরীরে আঘাতের চিহ্ন এবং গলায় কালচে দাগের চিহ্ন রয়েছে।”

ওসি রেজাউল করিম বলেন, “ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *