নীলফামারীতে হেযবুত তওহীদের ঈদসামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে নীলফামারীতে ঈদসামগ্রী বিতরণ করেছে জেলা হেযবুত তওহীদ।

‘উৎসব হোক সবার জন্য’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১৮ মার্চ) বিকেলে জেলার সৈয়দপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে এই ঈদসামগ্রী তুলে দেওয়া হয়।

নীলফামারী জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. নুর আলম সরকারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রংপুর অঞ্চলের সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রতিবছর দুস্থ মানুষকে ত্রাণসামগ্রী বিতরণ করা তাদের সমস্যার কোনো টেকসই সমাধান নয়। বরং আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করে মানুষের সব ধরনের মানবাধিকার ফিরিয়ে দিতে হবে। পুঁজিবাদী ও সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা বাতিল করে আল্লাহর দেওয়া অর্থব্যবস্থা প্রণয়ন করতে পারলেই কেবল সমাজ থেকে দারিদ্র্য ও বৈষম্য দূর করা সম্ভব।”

সভাপতির বক্তব্যে মো. নুর আলম সরকার বলেন, “আমরা প্রতিবছরের ন্যায় এবারও ঈদ উপলক্ষে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে ও সামান্য ঈদসামগ্রী দিতে পেরে অত্যন্ত আনন্দিত।”

উপহারসামগ্রী নিতে আসা স্থানীয় এক নারী আবেগাপ্লুত হয়ে বলেন, “জিনিসপত্রের যে চড়া দাম, তাতে এবার সেমাই-চিনি কেনাই কঠিন ছিল। হেযবুত তওহীদের এই উপহার পেয়ে আমাদের বাচ্চাগুলো অন্তত ঈদের দিন ভালো কিছু খেতে পারবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা সভাপতি মাওলানা আতিকুল ইসলাম, সৈয়দপুর উপজেলা সভাপতি ওয়াসিম আলম এবং জেলা ছাত্র ফোরামের সভাপতি মো. মাসুদ রানাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য হেযবুত তওহীদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *