নীলফামারীতে ভিজিএফের চাল না পেয়ে ফিরে যাচ্ছে অসহায় মানুষ

নীলফামারীর কিশোরগঞ্জের নিতাই ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত ভিজিএফ চাল না পেয়ে ফিরে যাচ্ছেন অসহায় দুস্থ মানুষেরা। এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবুর বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে নিতাই ইউনিয়নের বেলতলি বাজারের গোডাউনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

চাল বিতরণের সময়ে দেখা যায়, তালিকায় নাম থাকলেও অনেক অসহায় দুস্থ মানুষ চাল না পেয়ে ফিরে যাচ্ছেন। ভুক্তভোগীদের মধ্যে অনেকে বয়োবৃদ্ধ, কেউ বিধবা, কেউ স্বামী পরিত্যক্তা। আবার কেউ এমন আছেন যারা চলাফেরা করতে পারেন না বা ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করেন। তারাই এই সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। চাল নিতে এসে তালিকায় নাম থেকেও চাল না পেয়ে অনেক বৃদ্ধা অসহায় নারী চোখের পানি ফেলতে ফেলতে ফিরে যান। প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের নাম তালিকায় থেকেও তারা চাল পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।

আরও দেখা যায়, সুবিধাভোগীদের মধ্যে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও যারা চাল পেয়েছেন তাদের পরিমাণে কম দেওয়া হয়েছে। কেউ ৭ কেজি আবার কেউ ৮ কেজি চাল পেয়েছেন।

ভুক্তভোগী রাশিদা বেগম বলেন, আমাকে ভিজিএফ চাল নেওয়ার জন্য স্লিপ দেওয়া হয়েছে তবে এখানে সকালে এসে লাইনে দাঁড়িয়ে থেকেও চাল পাইনি। আমি আশ্রয়ণ প্রকল্কের ঘরে থাকি খুব গরিব মানুষ ঈদে খাবো সে অবস্থা নেই।

আরেক ভুক্তভোগী প্রতিবন্ধী আলতানুর রহমান বলেন, আমি প্রতিবন্ধী মানুষ চলাফেরা করতে পারি না। আমাকে এবার ঈদে ১০ কেজি চালের জন্য স্লিপ দেওয়া হয়েছে তবে এখানে এসে সকাল থেকে দাঁড়িয়ে থেকেও পেলাম না। এখন চিন্তা হচ্ছে পরিবারের লোকজন কি খাবে।

চাল পাওয়া সুবিধাভোগী কহিনুর বেগম বলেন, আমাকে ১০ কেজি চালের স্লিপ দিয়েছিল কিন্তু পরিমাণে পেয়েছি ৭ কেজি। সরকারি বরাদ্দ সঠিক দেওয়ার কথা থাকলেও সেটি পাইনি। আমাদের কম দিয়ে চেয়ারম্যান চাল আত্মসাৎ করছে।

নিতাই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোত্তাকিমুর রহমান আবু বলেন, চাল শেষ হওয়ার কারণে হয়তো দেয়া হয়নি। তবে কেউ চাল কম পেয়েছে সেটা আমার জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, নিতাই ইউনিয়ন পরিষদে ২ হাজার ৭৮৭ কার্ডের বিপরীতে ২৭ দশমিক ৮৭০ মেট্রিক টন চাল বরাদ্দ ছিল। সেখানে কাউকে কম দেওয়ার সুযোগ নেই। বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *