গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, খনন করা খালের পানিতে কৃষি কাজ, মাছ চাষ হবে ও পাড়ে বনায়ন করে দৃষ্টিনন্দন করা হবে। খাল কাটা কর্মসূচির মাধ্যমে এলাকার দরিদ্র ও হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, দারিদ্র বিমোচনেও এটি ভূমিকা রাখবে।
বুধবার (১৮ মার্চ) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে “দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন” কর্মসূচির আওতায় লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া খাল পুনঃখনন এর শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, নির্বাচনী ইশতেহার ছিল, বিএনপি ক্ষমতায় গেলে ২০হাজার কিলোমিটার খাল খনন করা হবে। সেই ইশতেহার বাস্তবায়নে সরকার ৫বছরে ২০হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে।
প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেছেন। তার উদ্বোধনের মাধ্যমে সারাদেশে খাল খনন শুরু হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি নিজে সারাদেশে ঘুরে খাল খনন করেছিলেন। এটি মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রকল্প।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আরও বলেন, ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে চলতি বছর ১৫শ কিলোমিটার খাল খনন করা হবে। পাঁচ বছরে মোট সাত হাজার কিলোমিটার খাল খনন করবে ত্রাণ মন্ত্রণালয়। খালগুলো খনন হলে যে বনায়ন করা হবে তার সুফলভোগী হবেন স্থানীয় হতদরিদ্ররা। তারা পানির মাছ ও বনায়নের লভ্যাংশ ভোগ করবেন।
বড়ুয়া খাল পুনঃখনন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আরী, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, মোঃ আব্দুস সালাম, মোঃ মজমুল হোসেন প্রামানিকসহ লালমনিরহাটের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বরুয়া খালের মোট দৈর্ঘ্য ৩কিলোমিটার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক দেড় কিলোমিটার বাস্তবায়ন হবে মর্মে জানা গেছে।